বিনোদন প্রতিবেদক: হালের মিউজিক কুইন বলা হয় দিলশাদ নাহার কনাকে। এপার ওপার দুই বাংলাতেই রয়েছে তার গ্রহণযোগ্যতা। তার কিন্নর কণ্ঠের গান অপার্থিব সুরের মূর্ছনা দেয় তরুণ শ্রোতার অন্তরে। শুধু কী তাই, কনার গলায় ‘ধুম তা না’ বাজিমাত করেছে সব শ্রেণির শ্রোতাদেরই। বেশ কিছু মিউজিক ভিডিও দিয়েও তিনি চমক দেখিয়েছিলেন।
এরপর অনেকটা সময়ই বলা চলে কিছুটা আলোচনার বাইরে ছিলেন এই জনপ্রিয় গায়িকা। বালাইষাট! আবারো ফিরে এসেছেন তিনি স্বমহিমায়। চার বছর পর প্রকাশ হলো কনার নতুন গানের ভিডিও। গানের শিরোনাম ‘রেশমি চুড়ি’।
সদ্য প্রকাশ হওয়া এই গানের ভিডিও দেখে চমকেছেন সবাই, প্রকাশ করেছেন মুগ্ধতাও। ভিডিওতে দেখা গেছে, গান গাওয়ার পাশাপাশি নাচেও বেশ সাবলীল আর পাকা কনা। অবশ্য, এর আগেও তিনি নিজের একটি গানের ভিডিওতে বাঈজি চরিত্রে মডেল হিসেবে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভক্তদের।
তবে ‘রেশমি চুড়ি’ গানে কনার আবেদনটা একটু ভিন্নই। ‘কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি’- কথায় সাজানো গানে কনা নেচেছেন মন জয় করে নেয়ার মতো করে। তাই এই গান ও ভিডিওটি দুই বাংলার শ্রোতাদের কাছেই দারুণ সাড়া পেয়েছে।
আকাশ সেনের সুর ও সংগীতে কনার গাওয়া নতুন এই গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। ইভনেক্স সলিউশনসের ব্যানারে নির্মিত গানের ভিডিওটি তৈরি করেছেন শিবরাম শর্মা।
ভিডিও: https://youtu.be/Y0KW_vBTShg