আরিফ খান: রিজার্ভ চুরি নিয়ে বিশ্বব্যাংকের সাবেক আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানার নেতৃত্বে চলমান ফরেনসিক তদন্তের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ কাজের জন্য নতুন করে ৭৩০ কর্ম ঘণ্টার সময় অনুমোদন দেয়া হয়েছে। বোর্ড সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, রিজার্ভ চুরির পর বাংলাদেশ ব্যাংকের আইটি দুর্বলতা বের করতে তদন্ত কমিটি কাজ করছে। এর আগে তদন্ত প্রতিবেদন দিতে ১২০ কর্মঘণ্টা সময় দেয়া হয়েছিল।
বোর্ড সভার বিষয়ে শুভঙ্কর সাহা বলেন, বাংলাদেশ ব্যাংকের আইটি সিকিউরিটি নিশ্ছিদ্র করার জন্য যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল তার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সাইবার অ্যাটাকের বিষয়ে ফরেনসিক যে ইনভেস্টিগেশন হচ্ছে তার অগ্রগতি কতটুকু তা নিয়ে আলোচনা হয়েছে, এ কাজের বর্ধিত সময়ের আবশ্যকতা জন্য তার অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে পরিচালনা পর্ষদের সদস্য রুশিদান ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে যা করা দরকার, তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হচ্ছে।
তিনি জানান, রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের যে দুর্বলতা ফুটে ওঠেছে, তা নিরসনে যৌক্তিকভাবে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
বোর্ডের আরেক সদস্য জামাল উদ্দিন আহমেদ বলেন, রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে আমাদের পজিশন স্ট্রংগেস্ট।
মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কমিটি করা হয়েছে, সেই কমিটি রিপোর্ট দেয়ার পরে এ ব্যাপারে ক্লিয়ার-কাট সিদ্ধান্ত নেয়া হবে।
বোর্ড সভায় আলোচনার বিষয়ে তিনি জানান, সাধারণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। সাইবার সিকিউরিটি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আপডেট করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর পদে ফজলে কবিরের যোগদানের পর এটি দ্বিতীয় বোর্ড সভা। প্রথম সভাটি এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়।
ফজলে কবিরের সভাপতিত্বে সভায় অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব ইউনুসুর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান উপস্থিত ছিলেন।