ইনা ফারজানা: শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে ব্রোকারেজ হাউসগুলোর ব্যবসা বিবেচনায় রেখে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিভিন্ন ফি কমছে বলে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, শেয়ারবাজারের লেনদেনের নাজুক পরিস্থিতিতে ব্যবসা মন্দা যাচ্ছে ব্রোকারেজ হাউজগুলোর। আর এ প্রেক্ষিতে ব্রোকারেজ হাউজগুলোর টিকে থাকা কষ্টকর হয়ে পড়ছে। সব কিছু বিবেচনায় নিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিডিবিএল চার্জ পর্যালোচনা করেছে।
একই সঙ্গে বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা এক বৈঠকে সিডিবিএলকে এ বিষয়ে একটি চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে বাজারে লেনদেন পরিস্থিতি মন্দা যাচ্ছে। এছাড়া বাজেট পরবর্তী সময়েও বাজার গতিশীল হচ্ছে না। সব মিলিয়ে বাজার উন্নয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বৈঠকে।
সূত্র আরো জানায়, বিএসইসির চেয়ারম্যান ফি কমানোর বিষয়ে একমত পোষন করে বলেন, পৃথিবীর অন্যান্য দেশে সিডিবিএল চার্জ আমাদের দেশের তুলনায় অনেক কম। তাই বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সিডিবিএল চার্জ কমানো যায় বলে সবাই একমত হয়েছেন।
বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো লেনদেনের ওপর ০.০১৫০ শতাংশ হারে কমিশন দেয় সিডিবিএলকে। এর আগে এ কমিশনের এ হার ছিল ০.০১৭৫ শতাংশ। কিন্তু ব্রোকারেজ হাউজগুলোর দাবির মুখে ২০১৫ সালে ১ জুলাই থেকে এ চার্জ কমানো হয়। আবার এক বছর পার না হতেই সিডিবিএল চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যা শিগগিরই সিডিবিএল বোর্ড মিটিংয়ে পাশ হলে কার্যকর হবে।