সালাউদ্দিন আহমেদ রাজনঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণে ভোগান্তি কমাতে একাধিক ও সুনির্দিষ্ট গ্যারান্টারের জন্য চাপ না দেয়ার নির্দেশ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ-সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে চিঠি দিয়েছে।
সহায়ক জামানত হিসেবে ‘ব্যক্তিগত গ্যারান্টি’ গ্রহণ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কুটির, মাইক্রো, ক্ষুদ্র-মাঝারি উদ্যোগে অর্থায়ন-সংক্রান্ত মাস্টার্স সার্কুলারে ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টারকে সহায়ক জামানত হিসেবে বিবেচনা করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি গ্রাহককে একের অধিক ব্যক্তিগত গ্যারান্টি প্রদানে বাধ্য না করার কথা বলা হয়। কিন্তু সম্প্রতি ব্যক্তিগত গ্যারান্টিকে সহায়ক জামানত হিসেবে বিবেচনার ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো একের অধিক ও সুনির্দিষ্ট ব্যক্তির (উচ্চপদস্থ কর্মকর্তা, বিত্তবান আত্মীয়-স্বজন, স্বামী ইত্যাদি) গ্যারান্টি প্রদানের জন্য উদ্যোক্তাদের চাপ প্রয়োগ বা বাধ্য করছে। ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি যেমন কষ্টসাধ্য হয়ে পড়েছে, তেমনি এসএমই খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টিকে সহায়ক জামানত হিসেবে বিবেচনা-সংক্রান্ত নির্দেশনাটি যথাযথ পরিপালন ও সুনির্দিষ্ট ব্যক্তির গ্যারান্টি প্রদানে উদ্যোক্তাদের কোনো চাপ প্রয়োগ বা বাধ্য না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।