আবদুর রউফ খান: আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটি এখন অপেক্ষায় আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেতের।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ সফল করার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যৌথ সভা করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদলসহ বেশ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছে। শ্রমিক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হলেও দলটির সবগুলো অঙ্গ ও সহযোগী সংগঠন এতে অংশ নেবে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, ১ মে সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। অনুমতি পাওয়ার জন্য প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছেন তারা। নির্ধারিত সময়ের আগেই বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলেও মনে করেন রিজভী।
২৪ এপ্রিল দুপুরে রিজভী জানান, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।