ইশতিয়াক আহমেদ: বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু ভবনে যান প্রধানমন্ত্রী।
এসময় সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। পরে সেখান থেকে গণভবনে যান প্রধানমন্ত্রী।
এরপর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।