নিউজ ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী শিগগিরই দলটির সভাপতি হচ্ছেন বলে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে। বর্তমানে ইউরোপ সফরে থাকা রাহুল আগামী সপ্তাহে দেশে ফেরার পর কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে বিষয়টি নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাও হবে। ওই সভাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাহুল কংগ্রেস সভাপতি হতে যাচ্ছেন—এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই চলছে। এ ব্যাপারে কয়েক দিন আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাহুলের মা ও কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন। জবাবে সোনিয়া তাঁদের পরামর্শ দেন, বিষয়টি রাহুলকেই জিজ্ঞেস করতে।
কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধীর মেয়াদ এই বছরের ডিসেম্বর পর্যন্ত। প্রতি পাঁচ বছর পর পর সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে দলটির সভাপতি নির্বাচন করা হয়। কংগ্রেসের প্রধান হিসেবে ১৯৯৮ সালের মে মাসে দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। ১২৯ বছরের পুরোনো এই সংগঠনটির প্রধান হিসেবে সোনিয়াই সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করছেন। রাহুল ২০১৩ সালের জানুয়ারি থেকে কংগ্রেসের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।