মাহমুদ হাসান খান রোমেল: নকল হাজী বিরিয়ানীতে ভরে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ফলে প্রতিদিনিই প্রতারণার শিকার হচ্ছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছরের মতো এবারও বাণিজ্য মেলায় খাবারের স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে হাজী বিরিয়ানী নামে স্টল রয়েছে ৫টি। এসব খাবারের স্টল ও প্যাভিলিয়নের সাইনবোর্ডে কেউ হাজী বিরিয়ানী আবার কেউ কেউ ছোট করে তাদের নিজস্ব নাম রেখে হাজী বিরিয়ানী লিখছে। কিন্তু আসলে এসব হাজী বিরিয়ানী নামের স্টল ও প্যাভিলিয়ন সবগুলোই নকল। হাজী বিরিয়ানী ব্র্যান্ড্রের নাম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তবে এসব হাজী বিরিয়ানী হাউজগুলোও নিজেদের আসল দাবি করছে। কিন্তু ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী বিরিয়ানী হাউস্বেএবারের বাণিজ্য মেলায় অংশ নেয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
অনুসন্ধানে জানা গেছে, বাণিজ্য মেলায় হাজী বিরিয়ানী রেস্টুরেন্ট, হাজী বিরিয়ানী (উপরে ছোট করে লেখা গ্রিন ও লিভ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজ), শাহী হাজী বিরিয়ানী অ্যান্ড কাবাব, হাজী বিরিয়ানী অ্যান্ড কাবাব হাউজ (পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী কাবাব রেস্টুরেন্ট) এবং হাজী বিরিয়ানী ও স্টার কাবাব হাউজ নামে প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এরা সবাই ভুয়া হাজী বিরিয়ানীর প্যাভিলিয়ন। তবে এগুলো কোনোটাই পুরান ঢাকার নাজিরা বাজারের প্রকৃত হাজী বিরিয়ানী নয়।
এই বিষয়ে মেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাণিজ্য মেলায় অবস্থিত কার্যালয়ের সমন্বয়ক ইফতেখার আলম রিজভী বলেন, এখানে আসলে হাজী বিরিয়ানী নামে যারা প্যাভিলিয়ন দিয়েছেন এর একটাও প্রকৃত হাজির বিরিয়ানি নয়। যেহেতু তারা বরাদ্দ নিয়েছে এবং প্রকৃত হাজী বিরিয়ানী আমাদের কাছে কোন অভিযোগ দেয়নি তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
এদিকে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতিটি খাবার স্টল-প্যাভিলিয়নগুলোকে যে নির্দেশনা দিয়েছে তাও মানা হচ্ছে না বলে দেখা গেছে। ইপিবি’র নির্দেশনা অনুযায়ী প্রত্যেক স্টল-প্যাভিলিয়নের সামনে এবং টেবিলে খাবারের মেন্যু’র সঙ্গে ইপিবি নির্ধারিত দাম প্রত্যক্ষভাবে রেখে দেয়া বাধ্যতামূলক। কিন্তু বাণিজ্য মেলায় অংশ নেয়া বেশির ভাগ খাবার স্টল-প্যাভিলিয়নের সামনে মূল্য সংম্বলিত কোনো মূল্য তালিকা নেই।
উল্লেখ্য, রাজধানীর শেরে বাংলা নগরে বিশ্বের ২২টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২০ টাকা করে ধরা হয়েছে।
এ বছর বাণিজ্যমেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি ও ফরেন প্যাভিলিয়ন ৩৮টি। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুড স্টল ২৫টি ও রেস্টুরেন্ট ৫টি।