নিউজ ডেস্ক: বাংলাদেশের কাছে সব পাকিস্তানির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের লেখিকা ও গবেষক রীমা আব্বাসি। তিনি বলেন, ১৯৭১ সালে যা হয়েছে পাকিস্তানের তা স্বীকার করে নেয়া উচিত। কেননা, অতীতকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে এবং এ অঞ্চলের সব প্রতিবেশির সঙ্গে গতিশীল সম্পর্ক স্থাপন করতে হবে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এপিজে কলকাতা লিটারি ফেস্টিভ্যালে অংশ নিতে এসে এ মন্তব্য করেন রীমা। ফেস্টিভ্যালে তার লেখা পাকিস্তানের হিন্দু মন্দিরের ইতিহাস নিয়ে একটি বইয়েরও মোড়ক উন্মোচন হয়েছে।
‘ক্রশিং দ্য লাইন’ শীর্ষক এক আলোচনায় রীমা দ্বিধাহীনভাবে বলেছেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি প্রত্যেক পাকিস্তানির উচিত বাংলাদেশিদের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, যেটা চিরদিনের জন্য তৈরি হয়ে গেছে তাকে অস্বীকার করি কী করে? একাত্তরের যুদ্ধটাই পাকিস্তানের পক্ষে বড় ভুল সিদ্ধান্ত ছিল। তিনি আরও বলেন, দুঃখের বিষয় হলো, আজকের প্রজন্মকে যা শেখানো হয় তাই তারা বিশ্বাস করে। রাষ্ট্র যা বোঝাতে চায় তার বেশি গভীরে তারা যেতে চায় না। ইতিহাস সম্পর্কে আজকের প্রজন্ম প্রকৃতই অজ্ঞ।